
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষের বেশি নাম ‘Under Adjudication’ বা ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইআরও ও এইআরও-দের দায়ী করে নির্বাচন কমিশনের অবস্থানের তীব্র বিরোধিতা করল West Bengal WBCS Officers’ Association।
গত ২ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal-এর সোশ্যাল মিডিয়া বার্তার পরেই ক্ষোভ প্রকাশ করে অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও বিপুল সংখ্যক নাম বিচারাধীন থেকে যাওয়ার জন্য মাঠপর্যায়ের আধিকারিকদের দায়ী করা অন্যায় ও ভিত্তিহীন। ইআরও/এইআরও-রা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি গ্রহণ, নথি যাচাই, তথ্য আপলোড এবং আইনি নির্দেশ জারি সব কাজই নিয়ম মেনে করেছেন বলে দাবি সংগঠনের।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, প্রকৃত সমস্যা প্রশাসনিক গাফিলতি নয়, বরং কমিশনের নিয়োগ করা পর্যবেক্ষকদের ভূমিকায়। তাদের দাবি, একাধিক ক্ষেত্রে মাইক্রো ও রোল অবজার্ভাররা পূর্বে নিষ্পত্তি হওয়া মামলার ফাইল নির্দিষ্ট মন্তব্য ছাড়াই ফেরত পাঠিয়েছেন। এর ফলে সিস্টেমে সেই নামগুলি পুনরায় ‘Under Adjudication’ হিসেবে থেকে গিয়েছে। প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত জটিলতাই এই বিপুল সংখ্যার কারণ বলে মত সংগঠনের।
সংগঠনের এক পদাধিকারীর কথায়, “নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে আধিকারিকরা দিনরাত পরিশ্রম করছেন। সেই সময় প্রকাশ্যে তাঁদের ওপর দায় চাপানো হলে তা মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে।” তাঁদের মতে, এতে শুধু প্রশাসনিক কাঠামোর মর্যাদাই ক্ষুণ্ণ হয় না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।
প্রসঙ্গত, ভোটার তালিকায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নামের পাশে ‘বিচারাধীন’ লেখা নিয়ে প্রশ্ন উঠতেই সিইও দফতর জানায়, যান্ত্রিক ত্রুটি ও মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণেই এমনটা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবদিহি চাওয়া হয়। এই অবস্থানেই আপত্তি জানিয়েছে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। একদিকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদের সংগঠন সরাসরি প্রতিবাদে নামায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এখন দেখার, কমিশন ও আধিকারিকদের মধ্যে এই মতপার্থক্য কীভাবে মেটানো হয় এবং চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কত দ্রুত কাটে।
