
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘করো অথবা মরো’ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। আর এই রুদ্ধশ্বাস জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে শোনা গেল সতীর্থ সঞ্জু স্যামসনের দরাজ প্রশংসা।
টুর্নামেন্টের বড় একটা সময় রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে সঞ্জু স্যামসনকে। কিন্তু যখনই সুযোগ এল, ১৯৫ রান তাড়া করতে নেমে নিজের জাত চেনালেন এই উইকেটকিপার-ব্যাটার। ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “খুব ভাল লাগছে। ছেলেদের ক্যারেক্টার বা মানসিক দৃঢ়তা দেখে আমি মুগ্ধ। আমি সবসময় বলি, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সেই ভাল মানুষদের সঙ্গেই ভাল কিছু ঘটে। আমি সঞ্জুকেও সেটাই বললাম। ও যখন খেলছিল না, তখন নেপথ্যে যে কঠোর পরিশ্রম করেছে, আজ ঠিক সময়ে তার ফল পেল।”
১৯৬ রানের লক্ষ্য তাড়া করা নিয়ে অধিনায়ক জানান, ইডেনে ফ্লাডলাইটের নিচে ২০০ রান তাড়া করা সবসময় সম্ভব। তাঁর কথায়, “আমরা জানতাম শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভাল আসবে। কিন্তু জয়ের জন্য ছোট ছোট পার্টনারশিপ গড়া খুব জরুরি ছিল। ব্যাটাররা ঠিক সেই কাজটাই করেছে এবং ম্যাচটাকে গভীরে নিয়ে গিয়েছে।”
সেমিফাইনালে ওঠার স্বস্তি থাকলেও এখনই উৎসবে ভাসতে নারাজ সূর্য। পরবর্তী গন্তব্য এখন মুম্বই। তবে চাপের মুখে সঞ্জু ও বাকিদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “চাপ না থাকলে ক্রিকেটে কোনো মজাই নেই। চাপ থাকবেই, কিন্তু আপনি সেটাকে কীভাবে সামলাচ্ছেন সেটাই আসল।”
