
রাজ্য থেকে শুরু করে গোটা দেশ এখন মজে রয়েছে দোলের হাওয়ায়। সোমবার থেকেই শহরজুড়ে রং খেলা শুরু করে দিয়েছে বহু মানুষ। দোলযাত্রা ও হোলি উৎসবের প্রাক্কালে এদিন খোশ মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে ডান্ডিয়া শিল্পীদের আহ্বানে সাড়া দিয়ে নিজের আসন ছেড়ে তাঁদের সঙ্গে নাচে পা মেলান মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই সেই দৃশ্য দেখে কেউ কেউ সমালোচনার ঝড় তুলছেন আর কেউ কেউ প্রশংসায় ভরিয়েছেন।
উৎসবের আবহের পাশাপাশি এদিন রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়নেও বড় ঘোষণা করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাড়ে তিন হাজার কোটি টাকার একটি বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন। এর পাশাপাশি রাজ্যের ধর্মীয় সম্প্রীতি ও পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতে নতুন উদ্যোগের কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনের বিশ্ববাংলা সরণির কাছে জৈন সম্প্রদায়ের একটি আরাধনাস্থল গড়ে তোলা হবে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ একর জমি বরাদ্দ করার কথা নিজেই জানিয়েছেন। প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিনিধিদের একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাঙ্গনের ধাঁচেই নিউটাউনে জৈনদের এই পবিত্র আরাধনাস্থল গড়ে উঠবে।”
