
রাতের রাস্তায় একটি গাড়িতে হঠাৎ ধক্কা সরকারি স্টিকার সাঁটানো আর একটি গাড়ির। ব্যস, তারপরেই দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তুমুল গণ্ডোগোল। সোমবারের এই ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতার হওয়া দুজন হলেন ওই সরকারি স্টিকার সাঁটানো গাড়ির মদ্যপ চালক ও তাঁর সঙ্গী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকার একটি গলিতে একটি সাদা রঙের গাড়ি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনার পরেই দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, ধাক্কা দেওয়া গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি অপর পক্ষের সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে।
পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে সরকারি আধিকারিক লেখা স্টিকার থাকলেও চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজার।
দোল ও হোলির উৎসবে শহরে মত্ত চালকদের বেপরোয়া দৌরাত্ম্য রুখতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ। মঙ্গলবার দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের ৩৯৮টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের দিনগুলোতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
