
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার থলাপতি বিজয় এখন তাঁর ব্যক্তিগত জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সঙ্গীতার সঙ্গে আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেতা।
মারাঠি ও তামিল সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতা ইতিপূর্বেই চেঙ্গলপাট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন। সেখানে বিজয়ের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও কোনও নির্দিষ্ট অভিনেত্রীর নাম এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়নি। তবে গত দুই বছর ধরে বিজয় ও সঙ্গীতা আলাদা থাকছেন বলে ঘনিষ্ঠ মহলে গুঞ্জন রয়েছে।
সবচেয়ে বেশি চর্চা হচ্ছে খোরপোশের পরিমাণ নিয়ে। শোনা যাচ্ছে, আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে বিজয় তাঁর স্ত্রী ও দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা সাশার জন্য প্রায় ২৫০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন। পরিবারের সম্মান রক্ষা এবং দীর্ঘ আইনি লড়াই এড়াতেই এই বিশাল অঙ্কের সমঝোতার পথ বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজয় ও সঙ্গীতার প্রেমকাহিনি একসময় ভক্তদের কাছে আদর্শ ছিল। ১৯৯৮ সালে তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন এবং ১৯৯৯ সালে চেন্নাইতে ধুমধাম করে তামিল ও হিন্দু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আড়াই দশকের এই সম্পর্কের এমন পরিণতিতে বিমর্ষ তাঁর অগণিত অনুরাগী।
এই বিবাদের মাঝে অবধারিতভাবেই নাম উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের। সোশ্যাল মিডিয়ায় বিজয়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা জল্পনা চললেও, অভিনেতা বা অভিনেত্রী—কারও পক্ষ থেকেই এর কোনও সত্যতা স্বীকার করা হয়নি।
বিজয় এখনও পর্যন্ত এই বিচ্ছেদ বা খোরপোশের খবর নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে কোনটি সত্যি আর কোনটি নিছকই রটনা, তা নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি রয়েই গেছে। তবে আগামী দিনে এই হাই-প্রোফাইল বিচ্ছেদ কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিনোদন জগত।
