
করোনা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধসংকটে দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের রক্ষাকর্তা হিসেবে অবতীর্ণ হলেন সেই বলিউড অভিনেতা সোনু সুদ। ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শয়ে শয়ে যাত্রী। তাঁদের জন্যই এবার বিনামূল্যে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার কথা ঘোষণা করলেন এই অভিনেতা।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তায় সোনু সুদ জানান, দুবাইয়ে আটকে পড়া যেকোনও পর্যটক- সে তিনি ভারতীয় হোন বা অন্য কোনও দেশের নাগরিক সোনুর টিমের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের থাকার জন্য বিনামূল্যে জায়গার ব্যবস্থা করা হবে।
ভিডিয়োতে সোনু বলেন, “চলমান সংকটের কারণে যাঁরা দুবাইয়ে আটকা পড়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই—আপনাদের থাকার জায়গা আছে। আমরা নিশ্চিত করব যাতে আপনারা সম্পূর্ণ নিখরচায় থাকার ব্যবস্থা পান। আপনি ভারতীয় হোন বা অন্য কোনও দেশের, দয়া করে আমাকে অথবা ‘ডুগাস্তা প্রপার্টি’-কে সরাসরি মেসেজ করুন। যতক্ষণ না আপনারা নিজের দেশে ফিরতে পারছেন, আমরা আপনাদের পাশে আছি। জয় হিন্দ।”
ক্যাপশনে তিনি আরও যোগ করেন, “যুদ্ধের কারণে অনেক থাকা পর্যটকরা অসহায় হয়ে পড়েছেন। এখানে কোনও শর্ত নেই, কোনও জাতীয়তা দেখা হবে না। শুধু মানবিকতার খাতিরে এই উদ্যোগ।”
সোনু সুদের এই মহতী উদ্যোগের পর নেটপাড়ায় প্রশংসার ঝড় উঠেছে। কেউ তাঁকে ‘বলিউডের আসল হিরো’ বলে অভিহিত করেছেন, কেউ আবার লিখেছেন, “জাতীয়তার ঊর্ধ্বে উঠে মানুষকে সাহায্য করার জন্য অসীম সাহসের প্রয়োজন।” এর আগে ২০২০-২১ সালের লকডাউনের সময় হাজার হাজার মানুষকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেশজুড়ে নায়ক হয়ে উঠেছিলেন সোনু।
ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পালটা জবাবে ইরান মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ছুড়লে দুবাই-সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। সোনাল চৌহান এবং এশা গুপ্তার মতো বলিউড তারকারাও সেখানে আটকে পড়েছিলেন, যদিও দু’দিন আগে তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন। কিন্তু এখনও অনেক সাধারণ ভারতীয় ও বিদেশি নাগরিক সেখানে আটকা পড়ে আছেন, যাঁদের উদ্ধারের প্রক্রিয়া চলছে।
