
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল কলকাতার ধর্মতলায়। বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়লেন তিনি।
মুখ্যমন্ত্রী দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রাখা হয়েছে। তাঁর অভিযোগ, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই এমন ঘটনাও সামনে এসেছে, যেখানে জীবিত মানুষকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে।
ধর্মতলার মেট্রো চ্যানেলে তৈরি করা ধর্নামঞ্চে বসেই কমিশনের বিরুদ্ধে সরব হন মমতা। উপস্থিত মানুষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেখুন, কাগজে-কলমে এঁদের মৃত ঘোষণা করা হয়েছে। অথচ এঁরাই এখানে বসে আছেন। নিজেরাই প্রমাণ দিচ্ছেন যে তাঁরা বেঁচে আছেন।” এই ঘটনাকে তিনি গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে ধর্নামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সি, সুজিত বসু এবং ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু বিধায়ক ও দলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত ধর্নামঞ্চে সাংস্কৃতিক কর্মসূচি চলবে এবং বিকেল চারটা থেকে মূল সভা শুরু হবে। সেখান থেকেই তিনি পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও ইঙ্গিত দেন।
রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে। শাসক দলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ধর্মতলার ধর্নামঞ্চ এখন তাই শুধু প্রতিবাদের মঞ্চ নয়, বরং নির্বাচনের আগে রাজনৈতিক বার্তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
