
ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই ধরনার কথা ঘোষণা করেছিলেন তাঁর সাংবাদিক সম্মেলনে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন ‘বিজেপির দালাল’ হয়ে কাজ করছে। আর যার জেরে এস আই আর-এর মাধ্যমে বহু জেনুইন ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চক্রান্ত করেছে কমিশন। ইতিমধ্যেই ৬০ লক্ষেরও বেশি নাম বাদ দেয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। আর সেই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নাকি প্র্যাকটিস করছেন। ঠিক কী বলেছেন সুকান্ত ভট্টাচার্য?
সুকান্ত মজুমদার বলেছেন, “তিনি প্র্যাকটিস করছেন। এরপর তো বিজেপির মুখ্যমন্ত্রী হবে, উনি বিরোধী দলনেত্রী হবেন। মাঝে মাঝেই ধর্না দিতে হবে। এখন থেকে প্র্যাকটিসে থাকা ভাল।”
নতুন রাজ্যপাল নিযুক্ত হওয়ার বিষয়ে সঙ্গে কোনও রকম আলোচনা না করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “রাজ্যপাল নিজেই লিখেছেন তার অসুস্থতার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর নতুন রাজ্যপালের নাম ঘোষণা হয়েছে। কিন্তু সংবিধানের কোথাও লেখা নেই রাজ্যপাল নিয়োগের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।”
প্রসঙ্গত, বঙ্গে এখন ভোটের হাওয়া। রাজ্য রাজনীতি উত্তপ্ত। কখনও দেখা যাচ্ছে দলবদলের ছবি, কখনও বা আক্রমণ পাল্টা আক্রমণের ছবি। আর কটাক্ষের বান তো প্রায় দিনই কেউ না কেউ ছুঁড়ছেন। সবাই নিজের পছন্দের ভোটের অস্ত্র তুলে নিয়েছেন হাতে। তেমনি ভোটের বাংলায় এস আই আর একটা বড় ইস্যু বলাই বাহুল্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নার ফলাফল শেষ পর্যন্ত কি হয় সেটা শুধু সময়ই বলবে।
