
উত্তরপ্রদেশের বুলন্দশহরে হোলি উৎসবের আসর থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে। আর সেই নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে শুরু রীজনৈতিক চর্চা। এই নৃশংস ঘটনাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবং কেন্দ্রে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সবুজ শিবিরের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারীদের কোনও নিরাপত্তা নেই।
তৃণমূলের কংগ্রেস তাদের পোস্টে লিখেছে, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বুলন্দশহরে হোলির অনুষ্ঠান থেকে টেনে নিয়ে গিয়ে ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণ করা হল! এটাই কি মোদী-যোগীর ডবল ইঞ্জিন সরকারের ‘নারী সুরক্ষা’ আর ‘বিকাশের’ নমুনা? যোগী রাজ্যে মা-বোনেরা এখন কেবলই ভোগের বস্তু! বিজেপি এই সংস্কৃতি এখন নিজেদের শাসিত রাজ্যগুলোয় দুষ্কৃতীদের মগজে ঢুকিয়ে দিয়েছে।”
বিজেপি সরকারকে আক্রমণ করে পোস্টে আরও যুক্ত করা হয়েছে, “গদি বাঁচাতে ব্যস্ত বিজেপি সরকার অপরাধীদের রক্ষা করে বলেই তারা ভয় না পেয়ে, উল্টে উন্মত্ত হয়ে ওঠে। উত্তরপ্রদেশ এখন অপরাধীদের স্বর্গরাজ্য, আর সাধারণ মানুষের জন্য নরক। জাতীয় মহিলা কমিশন বলে কিছুর অস্তিত্ব কি আছে আর? তারা তো আবার বেছে বেছে প্রতিবাদী হয়! বিজেপির এই অপশাসনকে ধিক্কার!”
বুধবার সন্ধ্যায় বুলন্দশহরের একটি উৎসবে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে চারজন মদ্যপ ব্যক্তি অপহরণ করে পাশের ক্ষেতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। কিশোরীর পরিবার জানিয়েছে, উৎসবের তারস্বরে বাজা বক্সের আওয়াজে কিশোরীর আর্তনাদ চাপা পড়ে গিয়েছিল। পরে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
সার্কেল অফিসার ভাস্কর মিশ্র জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। নামজাদা তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং চতুর্থ জনের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতা কিশোরীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু বর্তমানে সে প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছেন।
