
মুম্বই: বলিউড অভিনেত্রী Preity Zinta আবারও শিরোনামে। তবে এবার কোনও সিনেমা বা আইপিএল নয়, বরং তাঁর বিলাসবহুল সম্পত্তি বিক্রি ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকা পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান ফ্ল্যাট প্রায় ১৮.৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। এই খবর সামনে আসতেই বলিউড মহলে এবং ভক্তদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে তবে কি সত্যিই মুম্বই ছেড়ে বিদেশেই স্থায়ীভাবে থাকতে চাইছেন তিনি?
জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় একটি হাইরাইজ আবাসনের ১১ তলায় ছিল এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি। প্রায় ১,৭৭০ বর্গফুটের এই ফ্ল্যাটটি পুনর্নির্মাণের পর নতুন করে মালিকানা পেয়েছিলেন প্রীতি। সম্প্রতি সেটিই বিক্রি করা হয়েছে। এই সম্পত্তির ক্রেতা হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক প্রিয়া নাগর এবং রাজীব নাগর। গত ২ মার্চ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই সম্পত্তির রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
তবে আশ্চর্যের বিষয় হল, এটাই প্রথম নয়। এর আগেও গত বছর নভেম্বর মাসে একই বিল্ডিংয়ের ১১ তলায় থাকা আরেকটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন অভিনেত্রী। সেই ফ্ল্যাটটির আয়তন ছিল প্রায় ১,৪৭৪ বর্গফুট এবং তার দাম উঠেছিল প্রায় ১৪ কোটি টাকা। মাত্র চার মাসের ব্যবধানে একই বিল্ডিংয়ের দুটি বিলাসবহুল সম্পত্তি বিক্রি করে দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
বলিউডের অন্দরমহলে এখন জোর জল্পনা তবে কি মুম্বইয়ের সম্পত্তি গুটিয়ে বিদেশেই পাকাপাকি ভাবে বসবাস করতে চাইছেন প্রীতি জিন্টা? উল্লেখ্য, অভিনেত্রী বর্তমানে তাঁর স্বামী জিন গুডএনাফের সঙ্গে বিদেশেই বেশি সময় কাটান। তবুও মুম্বইয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তবে ওয়াকিবহাল মহলের মতে, মুম্বইয়ের সঙ্গে প্রীতির সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং আইপিএল দল Punjab Kings-এর সহ-মালিকও। প্রতি বছর আইপিএলের সময় তাঁকে ভারতে আসতেই হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তাঁর ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে।
অভিনেত্রী নিজে অবশ্য এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে এই সম্পত্তি বিক্রির পিছনে আসল কারণ কী নতুন কোনও বড় বিনিয়োগ, নাকি অন্য কোনও পরিকল্পনা তা এখনও স্পষ্ট নয়। তবে প্রীতি জিন্টার এই পদক্ষেপ যে বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভবিষ্যতে তিনি এ নিয়ে কী মন্তব্য করেন।
