
পশ্চিমবঙ্গ সফরে এসে কালীঘাটে পুজো দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ব্রোজেশ পাঠক। কালীঘাটে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘পরিবর্তনের হাওয়া’। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের হাওয়া বইছে। বাংলার মানুষ বিজেপিকে চান। ঠিক কী বলেছেন তিনি?
তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মন ধর্ম, জাত-পাতের ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। পদ্মফুলের সঙ্গে রয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন চায়। তাঁরা চান আইনি ব্যবস্থা মজবুত হোক। পুরো দেশের সঙ্গে তাঁরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এগিয়ে যেতে চান।”
পশ্চিমবঙ্গের মানুষকে আমি আহ্বান করে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা পরিবর্তনের এই যাত্রায় ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়ান। আর বিহার, উত্তর প্রদেশ ও দিল্লির মতো পশ্চিমবঙ্গকেও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।
পরিবর্তন কাহিনির সঙ্গে এদিন তিনি নির্বাচন কমিশনকে এই কালীঘাটেই কালো পতাকা দেখানো নিয়ে মুখ খুলেছেন। সাংবাদিকরা তাঁর থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “বিজেপি সব সময় পারদর্শিতার সঙ্গে নিরপেক্ষভাবে নির্বাচনের পক্ষে থাকে। আর যেসব সংবিধানিক সংস্থা রয়েছে, সেগুলোকে প্রত্যেকের সম্মান করা উচিত। আমরা দলের কর্মীরা দলের রীতি ও নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ যোজনাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাঝে আছে।”
