
তেহরান: অবশেষে প্রকাশ্যে এল ইরানের পরবর্তী সুপ্রিম লিডারের নাম। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তেহরান ঘোষণা করেছে, দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে বসতে চলেছেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। ইরানের প্রভাবশালী পরিষদ ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর ভোটে তাঁকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে।
সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে প্রথম দিকে নতুন সুপ্রিম লিডারের নাম গোপন রাখতে চেয়েছিল তেহরান। তবে রবিবার ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর বৈঠকের পর অবশেষে মোজতাবা খামেনেইয়ের নাম চূড়ান্ত করা হয়। ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের এই পরিষদই সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বে থাকে।
তবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইজরায়েলের তরফে ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া হয়েছে—ইরানের নতুন সুপ্রিম লিডার যিনিই হোন না কেন, তাঁকে লক্ষ্যবস্তু করা হতে পারে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
১৯৬৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতাবা খামেনেই। কম বয়সে তিনি ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং পরে কোম শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। যদিও সরকারিভাবে কোনও বড় রাজনৈতিক পদে তাঁকে আগে দেখা যায়নি, তবুও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা যায়।
এদিকে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণার পর ইরানের ভবিষ্যৎ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেদিকেই এখন নজর রাখছে গোটা বিশ্ব।
