
পশ্চিমবঙ্গে পৌঁছেই বিতর্কের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে আচমকাই বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটেই এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
জানা গিয়েছে, সকালেই কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন মুখ্য নির্বাচন কমিশনার। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার কিছুক্ষণ পরই একদল বিক্ষোভকারী সেখানে জড়ো হন। তাঁরা জ্ঞানেশ কুমারকে ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান তুলতেও শোনা যায়। মুহূর্তের মধ্যেই কালীঘাট মন্দিরের সামনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন নির্বাচন সংক্রান্ত ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাঁদের ক্ষোভ রয়েছে। সেই কারণেই এই প্রতীকী প্রতিবাদ বলে দাবি করেন আন্দোলনকারীরা। যদিও বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিল পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
অন্যদিকে, এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিক্ষোভের মধ্যেই তিনি মন্দিরে পুজো সম্পন্ন করেন এবং পরে নিরাপত্তার মধ্যে সেখান থেকে বেরিয়ে যান। পুরো ঘটনার সময় তিনি নীরব থাকেন এবং সাংবাদিকদের প্রশ্নেরও কোনও উত্তর দেননি।
কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় এই বিক্ষোভ ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
