
রিয়াধ: পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মাঝেই সৌদি আরবে মিসাইল হামলার ঘটনায় প্রথমে এক ভারতীয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই তথ্য সংশোধন করে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও ভারতীয় নাগরিকের মৃত্যু হয়নি। যদিও একজন ভারতীয় আহত হয়েছেন এবং তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা।
রবিবার সৌদি আরবের সিভিল ডিফেন্সের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আল-খার্জ শহরের একটি আবাসিক এলাকায় মিসাইল হামলা হয়েছে। সেখানে একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সংস্থার কম্পাউন্ডে এই হামলা চালানো হয়। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, হামলায় দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন ভারতীয় এবং একজন বাংলাদেশের নাগরিক।
তবে কিছু সময়ের মধ্যেই সেই বিবৃতি সংশোধন করা হয়। নতুন করে জানানো হয়, নিহত দুইজনই বাংলাদেশের নাগরিক এবং কোনও ভারতীয়ের মৃত্যু হয়নি। যদিও এই হামলায় এক ভারতীয় আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা গিয়েছে, আহত ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। দূতাবাসের আধিকারিকেরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি সহ পার্শ্ববর্তী দেশগুলিতেও ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর এবং কোনও হামলার ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করারও পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
