
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে নতুন উদ্বেগের পরিস্থিতি। চলতি বছরে টলিপাড়ায় বাংলা ছবির সামগ্রিক ব্যবসার অবস্থা আশানুরূপ নয় বলেই জানাচ্ছেন প্রযোজক ও হল মালিকরা। একের পর এক ছবি মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না। ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে টলিউডের বিভিন্ন মহলে।
এই পরিস্থিতির মধ্যেই নতুন করে তৈরি হয়েছে আরেকটি জটিলতা। অভিযোগ উঠেছে, বেশ কিছু ক্ষেত্রে সিনেমা হলে বাংলা ছবিকে বেশি প্রাধান্য দেওয়া হলে হিন্দি ছবির ডিস্ট্রিবিউটররা প্রয়োজনীয় সহায়তা করছেন না। এর ফলে অনেক হল মালিকই সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। ব্যবসায়িক চাপের মুখে পড়ে কিছু সিনেমা হল কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্ক্রিনিং কমিটির কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
হল মালিকদের এই অভিযোগ এবং বাংলা ছবির সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে এবার জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ইমপা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন) এই বিষয়ে একটি এমার্জেন্সি মিটিং ডাকছে। আগামী ১১ তারিখ ইমপা হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকে বাংলা ছবির ব্যবসার বর্তমান অবস্থা, সিনেমা হলগুলিতে স্ক্রিনিং সংক্রান্ত সমস্যা এবং ডিস্ট্রিবিউশন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি ভবিষ্যতে বাংলা ছবিকে কীভাবে আরও বেশি স্ক্রিন এবং সমর্থন দেওয়া যায়, সেই দিকেও গুরুত্ব দেওয়া হবে।
টলিউডের অনেকেই মনে করছেন, এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে, যা বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। এখন দেখার, ১১ তারিখের সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়।
