
Jazzbaat 24 Bangla: রবিবার বঙ্গ সফরে এসেছেন ভারতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে এসেছেন কমিশনের ফুল বেঞ্চ। পূর্বসূচী অনুযায়ী রাজারহাটের ওয়েস্টিনে আয়োজিত সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন কমিশনার। কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণের পর সরাসরি কমিশনারকে আক্রমণ করল তৃণমূল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের কথা শুনতে রাজি নন” কমিশনার। এছাড়াও একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি।
বৈঠক শেষে বাইরে বেরিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা কমিশনারকে বললাম, আপনারা পুরো বিষয়টা দেখুন। যারা বৈধ ভোটার তাঁদের নাম যেন বাদ না যায়। আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখবো। কিন্তু প্রতিবার যেমন তিনি একাই বলে যান তেমনই এবারেও বললেন। কিছুক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গিয়ে বললেন, আপনারা তো সুপ্রিম কোর্ট গিয়েছেন। সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে তখন আর তো কিছু বলার নেই।” এই নিয়ে চন্দ্রিমা সংবাদমাধ্যমের কাছে বলেন, “সুপ্রিম কোর্টে যাওয়া কী অন্যায় হয়েছে নাকি। আমাদের অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার তাই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি।”….কিছু বললেই বলছেন সব সুপ্রিম কোর্টে আছে। সব সুপ্রিম কোর্টে আছে যখন আমাদেরকে ডাকলেন কেন? ডেকেছেন যখন শুনতে তো হবে। আমাদের কথা শুনতে রাজি নন।”
চন্দ্রিমা আরও অভিযোগ করেন, “তিনি বলছেন, যেখানে যাচ্ছি সবাই বলছে আমার নাম নেই, আমার নাম নেই।” এই বিষয়ে গর্জে উঠে অর্থমন্ত্রী বলেন, “কিন্তু তাঁরা কেন বলছে তাঁদের নাম নেই? কারণ এসব আপনি করিয়েছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন তৃণমূলের তিন জন প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিমসহ প্রাক্তন IPS অফিসার রাজীব কুমার। কিন্তু বৈঠক থেকে বেরিয়ে একগুচ্ছ অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।
