
২০২৫-এর প্রয়াগরাজ মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ‘মোনলিসা’ বা মোনালিসা ভোঁসলে এবার নতুন জীবনে পা রাখলেন। সব বাধা কাটিয়ে গত ১১ মার্চ কেরলের তিরুবনন্তপুরমের কাছে পুভারের আরুমানুর শ্রী নায়ার দেব মন্দিরে দীর্ঘদিনের প্রেমিক ফারমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ১৮ বছর বয়সী মোনালিসার সঙ্গে মহারাষ্ট্রের যুবক ফারমানের আলাপ হয়েছিল প্রায় ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই প্রেমের শুরু। কিন্তু এই আন্তঃধর্মীয় সম্পর্ক মেনে নিতে পারেননি মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে। অভিযোগ, মোনালিসাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে এক আত্মীয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন তিনি।
বর্তমানে মোনালিসা তাঁর প্রথম মালয়ালম সিনেমা ‘নাগাম্মা’-র শ্যুটিংয়ের কাজে কেরলে রয়েছেন। খবর পেয়ে তাঁর বাবা সেখানে পৌঁছে তাঁকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। নিরাপত্তা চেয়ে মোনালিসা ও ফারমান তিরুবনন্তপুরমের থাম্পানুর থানার দ্বারস্থ হন। পুলিশ পরিষ্কার জানিয়ে দেয়, মোনালিসা প্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। এরপর থানা থেকে বেরিয়েই তাঁরা মন্দিরে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।
কেরলের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হিসেবে এই বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি, সিপিআইএম রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন এবং সাংসদ এএ রহিম। নবদম্পতিকে আশীর্বাদ করে শিক্ষামন্ত্রী এই ঘটনাকে “আসল কেরালা স্টোরি” বলে অভিহিত করেন। বিয়ের অনুষ্ঠানে মোনালিসাকে দেখা যায় লাল শাড়িতে সিঁদুর পরে, আর ফারমান পরেছিলেন কেরলের ঐতিহ্যবাহী সাদা মুন্ডু ও শার্ট।
২০২৫-এর মহাকুম্ভ মেলায় উজ্জ্বল হাসি আর মায়াবী চোখের জাদুতে ভাইরাল হওয়া এই তরুণীর নাম নেটিজেনরাই রেখেছিলেন ‘মোনা লিসা’। তিনি পি বিনু ভার্গিসের ছবি দিয়ে মালয়ালম সিনেমায় অভিষেক করছেন। পাশাপাশি সোজ মিশ্রের ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির মাধ্যমে বলিউডেও পা রাখতে চলেছেন তিনি।
