
পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রবিবার বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির ভোটের পূর্ণ সূচি প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর। একই সঙ্গে কত দফায় ভোট গ্রহণ হবে তাও জানানো হতে পারে।
গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল, কবে ঘোষণা হবে ভোটের দিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ১৫ অথবা ১৬ মার্চের মধ্যেই কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে। সেই জল্পনাই যেন সত্যি হতে চলেছে। রবিবার বিকেলের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের সূচি ঘোষণা করা হতে পারে।
বাংলার ক্ষেত্রে এবার ভোট কত দফায় হবে তা নিয়েও আলোচনা চলছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট গ্রহণ হয়েছিল। তবে এবার রাজনৈতিক দলগুলির একটি বড় অংশই ভোটের দফা কমানোর দাবি জানিয়েছে। বামফ্রন্ট এবং বিজেপি উভয়ই এক দফায় ভোট সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর অনুরোধ জানিয়েছে।
তবে দফা কমানো হবে কি না, তা নির্ভর করবে একাধিক বিষয়ের উপর। যেমন রাজ্যে বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথের পরিমাণ এবং পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব কি না, এসব বিষয় খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হয়েছে। তার পরদিনই নির্বাচন কমিশনের এই বৈঠক হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। ফলে এখন সকলের নজর বিকেল চারটের সাংবাদিক বৈঠকের দিকে, সেখানেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ভোটের নির্ঘণ্ট।
