
Jazzbaat 24 Bangla: আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে টাটা আইপিএল ২০২৬। টুর্নামেন্টের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই নিজেদের অধিনায়ক নির্বাচন নিয়ে বড় ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেকেআর কর্তৃপক্ষ জানিয়ে দিল, আসন্ন মরশুমেও দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে।
গত মরশুমেও রাহানে নাইটদের অধিনায়ক ছিলেন। যদিও ২০২৪-এর চ্যাম্পিয়ন দল হিসেবে গতবার তাঁর অধীনে কেকেআর লিগ টেবিলে সপ্তম স্থানে শেষ করে এবং প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। তবে ব্যক্তিগতভাবে রাহানে গত মরশুমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে যে, গতবারের ব্যর্থতা সত্ত্বেও রাহানের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে তারা। এর আগে রাহানে নিজেও তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে এই খবরটি শেয়ার করেছিলেন।
নাইটদের ঘরের ছেলে রিঙ্কু সিংকে অধিনায়ক করার দাবি উঠেছিল ক্রিকেট মহলের একাংশ থেকে। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা মনে করেছিলেন, রিঙ্কু দীর্ঘদিন এই দলের সাথে যুক্ত এবং উত্তরপ্রদেশ টি-২০ লিগ ও রঞ্জি ট্রফিতে তাঁর সফল অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট রিঙ্কুকে উপেক্ষা করে রাহানেকেই বেছে নিয়েছে। আকাশ চোপড়া এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন যে, অধিনায়ক কে হবেন তা নিলামের আগেই ঠিক করা উচিত ছিল, শেষ মুহূর্তে নয়।
২০২৬ মরশুমের জন্য কেকেআর তাদের কোচিং বিভাগেও ব্যাপক পরিবর্তন এনেছে। অভিষেক নায়ারকে করা হয়েছে প্রধান কোচ। তাঁর সাথে থাকছেন শেন ওয়াটসন (সহকারী কোচ), আন্দ্রে রাসেল (পাওয়ার হিটিং কোচ) এবং টিম সাউদি (বোলিং কোচ)।
নিলামের টেবিলে এবার নাইটদের দাপট ছিল চোখে পড়ার মতো। গত নিলামে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার পর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে কিনেও আশানুরূপ ফল পায়নি দল। ফলে ২০২৫-এর নিলামে ৬৩ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে ঝাঁপায় নাইটরা। সেখান থেকে ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কেনে তারা, যা এই মরশুমের সর্বোচ্চ দর। এছাড়া ১৮ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে মাথিশা পাথিরানাকে।
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অংকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠী, টিম সাইফার্ট, রোভম্যান পাওয়েল, অনুকূল রায়, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র, রমনদীপ সিং, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, আকাশ দীপ, হর্ষিত রানা, উমরান মালিক এবং ব্লেসিং মুজারাবানি।
চতুর্থ আইপিএল ট্রফির লক্ষ্যে এখন এই নতুন দল এবং অভিজ্ঞ রাহানের হাত ধরে কলকাতা কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই দেখার।
