
মুক্তির আগেই রেকর্ড ভাঙার হুঙ্কার! ধুরন্ধর ২ এখনও প্রেক্ষাগৃহে পা রাখেনি, তার আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। অগ্রিম বুকিংয়ের নিরিখে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১২৩ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে এই ছবির ব্যবসা, যা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
পরিচালক আদিত্য ধর-এর এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, দেশের একাধিক শহরে রাতভর শো চালু করতে বাধ্য হয়েছেন হল মালিকরা। বিশেষ করে মুম্বই, পুনে এবং আমেদাবাদের মতো শহরে রাত ২টো, এমনকি ভোর ৫:৩০-এর শো-ও ইতিমধ্যেই হাউসফুলের পথে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, শুধুমাত্র প্রিমিয়ার শো থেকেই প্রায় ৩৮.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। অন্যদিকে, মুক্তির প্রথম দিনের জন্য ভারতজুড়ে ১৩,০০০ শো থেকে ইতিমধ্যেই ২৪.৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারেও ছবির জনপ্রিয়তা তুঙ্গে সেখানে অগ্রিম বুকিংয়ের অঙ্ক ছুঁয়েছে প্রায় ৬০ কোটি টাকা।
এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রণবীর সিং, যিনি আবারও তাঁর অ্যাকশন অবতারে দর্শকদের চমকে দিতে প্রস্তুত। তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন-সহ আরও একঝাঁক তারকাকে।
উল্লেখযোগ্যভাবে, প্রায় ৩ ঘণ্টা ৫৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এতটাই যে, বহু প্রেক্ষাগৃহে ২৪ ঘণ্টা টানা শো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। হল মালিকদের মতে, দর্শকদের চাহিদা সামলাতেই এই বিশেষ ব্যবস্থা।
শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। ফলে দেশজুড়ে এবং আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন সব নজর ১৯ মার্চের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবি। প্রশ্ন একটাই মুক্তির পর কি পুরনো সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে ‘ধুরন্ধর ২’? দর্শকদের উন্মাদনা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।
