
Jazzbaat 24 Bangla লোকসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়ে সরব গেরুয়া শিবির। কারামন্ত্রী শ্রী অখিল গিরির প্রার্থীপদ নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপির দাবি করেছে, নারী বিদ্বেষী, “আদিবাসী বিরোধী, বর্ণ বিদ্বেষী- এই তিনটি গুণকেই বিশেষ গুরুত্ব দেয় তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই শ্রী অখিল গিরি পেয়েছেন প্রার্থীপদ।”
অখিল গিরির একটি পুরনো বিতর্কিত মন্তব্যকে ঘিরে বিজেপি অভিযোগ তুলেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। বিজেপির দাবি, যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন একজন আদিবাসী মহিলাকে অপমান করতে পারেন, তাঁকে প্রার্থী করা আসলে বাংলার আদিবাসী সমাজকে এক নেতিবাচক বার্তা দেওয়া।
বিজেপি তাদের পোস্টের শেষে লিখেছে, “তার ‘খ্যাতি’? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শারীরিক গঠন নিয়ে কটূক্তি করা। তাহলে কি পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে এই বার্তাই দেওয়া হচ্ছে-যারা তাঁদের অপমান করে, তৃণমূল তাদেরই পুরস্কৃত করে?”
যদিও ভিডিয়োটি যে সময়ের, সে সময় নিজের মন্তব্যর জেরে দুঃখ প্রকাশ করেছিলেন মন্ত্রী। তিনি বলেছিলেন, ‘‘এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহল সহ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে আদিবাসী ভোট অত্যন্ত নির্ণায়ক। রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্যের ভিডিয়োটি পুনরায় জনসমক্ষে এনে বিজেপি মূলত আদিবাসী ভাবাবেগকে উসকে দিতে চাইছে।
