
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া অঞ্চলে এক তৃণমূল যুব নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। গত শনিবার রাতের এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার এলাকায় বিশাল প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, গত শনিবার রাতে সাহাড়া অঞ্চলের তৃণমূল যুব নেতা সুদীপ্ত বাগকে লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে। এই ঘটনায় গুরুতর আহত হন ওই যুব নেতা। ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, এটি বিজেপির একটি ‘ঘৃণ্য চক্রান্ত’ এবং এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা।
এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর বাজারে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এগরা ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মহিমের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে কয়েকশ কর্মী-সমর্থক পা মেলান। মিছিল থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করার ডাক দেওয়া হয়।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ব্লক যুব সভাপতি শেখ আব্দুল মহিম ছাড়াও উপস্থিত ছিলেন- তৃণমূল নেতা অশোক দাস,
সাহাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব স্বপন সিংহ ও মিলন দে, যুব নেতা সুদীপ্ত বাগ, যুব নেতা অনির্বাণ গায়েনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে আয়োজিত সভা থেকে নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়ে জানান, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি হিংসার আশ্রয় নিচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
