
মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করার সময় নির্ধারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে কমিশন। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মাঝরাতে কেন তালিকা প্রকাশ? তালিকা প্রকাশের সময় নির্বাচনের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, “তালিকায় তাও যে ক’জনের নাম উঠেছে তা আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই।”
বিমানবন্দরে দাঁড়িয়ে এই পুরো প্রক্রিয়াটিকে ‘কেন্দ্রের অঙ্গুলিহেলন’ ঘটছে বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের ঠিক আগে এই প্রক্রিয়ার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। কারও নাম অন্যায়ভাবে বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এই ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিকবার চিঠি লেখা এবং দিল্লি গিয়ে দরবার করার পাশাপাশি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। সোমবার গভীর রাতে কমিশন তার একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ২৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলেই কমিশন কিছুটা নমনীয় হয়েছে এবং তালিকায় কিছু নাম উঠেছে। অন্যথায় আরও বেশিসংখ্যক ভোটারকে হেনস্তা করা হতো বলে তিনি মনে করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, পুরো বিষয়টি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জনগণের ভোটাধিকার রক্ষায় তাঁর লড়াই জারি থাকবে।
