
মানুষের ওপর ভরসা তৃণমূল সুপ্রিমো মমতার। উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই কথা আবারও জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ফের বিজেপি ও কমিশনকে আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায়, “বিজেপি-কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে। কিন্তু আমার কাছে শুধু মানুষ আছে।” কেন্দ্র বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগও তুলেছেন তিনি।
ভোটের বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ প্রশাসনিক দফতরের একাধিক শীর্ষকর্তাকে অপসারণ করা হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে রাজ্যের ডিজি, কলকাতার সিপি-সহ একাধিক পুলিশকর্তাকেও সরানো হয়েছে। ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী, এই সকল ব্যক্তিকে কমিশন সরিয়েছেন শুধুমাত্র বিজেপির কথায়।
সেই বিষয়গুলিকে কেন্দ্র করে এবার কমিশনকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, মানুষ তাঁর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, কমিশন যদি সবকিুছু কেড়ে নেয় তাও মানুষ তাঁর পাশে আছে। বিজেপি নাকি তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের সুপ্রিমো। এই বিষয়ে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
সভামঞ্চ থেকে বাংলার মা-বোনেদের তিনি ফের প্রতিশ্রুতি দেন যে, লক্ষ্মীর ভাণ্ডার সব সময় চলবে। দাবি, সাধারণ মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে চলেছেন তিনি। তিনি আরও বলেন, এই সবের কৃতিত্ব সাধারণ মানুষের। বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টাকা দিয়ে বিজেপি ভোট কিনে নিতে চাইলেও ভোটটা কিন্তু তৃণমূলকেই দেবেন।”
