
চাকরির বাজারে অনিশ্চয়তার মাঝেই বড় সুখবর নিয়ে এল দেশের অন্যতম শীর্ষ আইটি সংস্থা Tata Consultancy Services। কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে যখন বহু সংস্থায় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসছে, ঠিক তখনই টিসিএস শুরু করেছে নতুন ল্যাটারাল হায়ারিং প্রক্রিয়া। ফলে অভিজ্ঞ প্রার্থীদের জন্য খুলে গেল নতুন সুযোগের দরজা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রযুক্তি পেশাদারদের নিয়োগ করা হবে। ল্যাটারাল হায়ারিং বলতে বোঝায়, যাঁরা আগে থেকেই কোনও সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের সরাসরি নিয়োগ করা। এই প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা বছরে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন, যা বর্তমান বাজারে যথেষ্ট আকর্ষণীয়।
শুধু বেতনই নয়, থাকছে অতিরিক্ত সুবিধাও। টিসিএস জানিয়েছে, দ্রুত যোগদানকারীদের জন্য প্রায় ৫০ হাজার টাকার জয়নিং বোনাস দেওয়া হবে। সাধারণত যারা অফার পাওয়ার ৩০ দিনের মধ্যে যোগ দেন, তাঁরাই এই বোনাসের জন্য যোগ্য হন। কিছু ক্ষেত্রে যোগদানের সময়সীমা ১২০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। সংস্থার লক্ষ্য, আগামী অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা।
কোন কোন ক্ষেত্রে নিয়োগ হবে, সেটাও স্পষ্ট করেছে সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দক্ষতা থাকা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জাভা, পাইথন, .NET, ReactJS, Node.js এবং SQL-এর মতো জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকলে বাড়তি সুবিধা মিলবে।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়োগ প্রক্রিয়া টিসিএসের ‘AI-ফার্স্ট’ কৌশলেরই অংশ। আগে যেখানে ক্যাম্পাস রিক্রুটমেন্টে জোর দেওয়া হত, এখন সেখানে দক্ষতা-ভিত্তিক নিয়োগে গুরুত্ব বাড়ানো হচ্ছে। শুধু টিসিএস নয়, Infosys-এর মতো অন্যান্য বড় আইটি সংস্থাও ইতিমধ্যে এই পথে হাঁটতে শুরু করেছে।
নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত অনলাইন পরীক্ষা, টেকনিক্যাল ইন্টারভিউ এবং পার্সোনাল ডিসকাশন অন্তর্ভুক্ত থাকবে। সারা দেশজুড়েই এই নিয়োগ চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সংস্থার কর্মীদেরও উপযুক্ত প্রার্থী রেফার করার জন্য উৎসাহিত করা হয়েছে।
আইটি ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি এক বড় সুযোগ। দক্ষতা থাকলেই মিলতে পারে মোটা বেতনের চাকরি, এমনটাই বলছে বর্তমান পরিস্থিতি।
