
রেল যাত্রীদের জন্য বড় পরিবর্তন আনল Indian Railways। এবার থেকে ট্রেন ছাড়ার একেবারে শেষ মুহূর্তে কনফার্ম টিকিট বাতিল করলে আর কোনও রিফান্ড পাওয়া যাবে না এমনই কড়া নিয়ম চালু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের পরিকল্পনায় আসছে বড় বদল।
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী ট্রেন ছাড়ার ৪ ঘণ্টারও কম সময় আগে কনফার্ম টিকিট বাতিল করেন, তাহলে তিনি আর টাকা ফেরত পাবেন না। আগে এই ক্ষেত্রে কিছুটা টাকা কেটে বাকি অংশ ফেরত দেওয়া হত, কিন্তু এবার সেই সুযোগ পুরোপুরি বন্ধ করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা কমানো। বহু যাত্রী শেষ সময়ে টিকিট বাতিল করায় অনেক সময় সিট খালি থাকলেও অন্য যাত্রীরা সেই সুযোগ পান না। ফলে রিজার্ভেশন ব্যবস্থায় অস্বচ্ছতা তৈরি হচ্ছিল। নতুন নিয়মে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে আরও জানা গেছে, অনেক ক্ষেত্রেই যাত্রীরা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করেই শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কনফার্ম টিকিট পাওয়ার সুযোগ হারান। তাই এই প্রবণতা নিয়ন্ত্রণে আনতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই নিয়ম শুধু কনফার্ম টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া, ট্রেন বাতিল বা রেলের পক্ষ থেকে কোনও পরিবর্তন হলে যাত্রীদের ক্ষেত্রে রিফান্ডের নিয়ম আলাদা থাকবে।
রেল আধিকারিকদের মতে, এই নতুন নীতির ফলে রিজার্ভেশন সিস্টেম আরও স্বচ্ছ ও কার্যকর হবে। একইসঙ্গে প্রকৃত যাত্রীরা সুবিধা পাবেন এবং শেষ মুহূর্তের বিভ্রান্তিও কমবে।
যাত্রীদের এখন থেকে টিকিট বুকিং ও বাতিল দুটো ক্ষেত্রেই আরও সতর্ক থাকতে হবে। কারণ একবার সময়সীমা পেরিয়ে গেলে আর ফেরত মিলবে না এক টাকাও!
