
নতুন ট্যাটু করালেন বিরাট কোহলি। পুরনো-নতুন মিলিয়ে তৈরি সম্পূর্ণ স্লিভ ডিজাইন, যার প্রতিটি অংশে লুকিয়ে তাঁর ব্যক্তিগত যাত্রার গভীর অর্থ।
মাঠে নামার আগেই চমক দিলেন বিরাট কোহলি। আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগে বাঁ হাতে নতুন ট্যাটু করালেন তিনি। আর সেই ট্যাটু ঘিরেই এখন তুমুল চর্চা শুধু ডিজাইন নয়, এর ভেতরে নাকি লুকিয়ে রয়েছে তাঁর জীবনের এক রহস্যময় গল্প!
ট্যাটুর প্রতি কোহলির ভালোবাসা নতুন কিছু নয়। শরীর জুড়ে একাধিক ট্যাটু আগেই নজর কেড়েছে ভক্তদের। তবে এবার তিনি যা করালেন, তা একেবারেই আলাদা। ‘Aliens Tattoo’ নামের স্টুডিও এই নতুন ডিজাইন তৈরি করেছে। শুধু নতুন ট্যাটু যোগ করা হয়নি, বরং তাঁর পুরনো ট্যাটুগুলোর সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ স্লিভ যা তাঁর জীবনের বিবর্তনের প্রতীক বলেই দাবি শিল্পীদের।
এই ট্যাটুতে পদ্ম এবং পিওনি ফুলের মতো মোটিফ ব্যবহার করা হয়েছে। সাধারণত এই প্রতীকগুলো সহনশীলতা, বিকাশ এবং নতুন শুরুর ইঙ্গিত দেয়। তবে প্রতিটি চিহ্নের ব্যক্তিগত অর্থ গোপন রাখা হয়েছে। এখানেই বাড়ছে রহস্য! কী লুকিয়ে আছে এই ডিজাইনের ভেতরে? সেই উত্তর এখনও অজানা।
স্টুডিও সূত্রে জানা গিয়েছে, কোহলির বাঁ হাত কোনও ফাঁকা ক্যানভাস ছিল না। বহু বছরের পুরনো ট্যাটু, ফিকে হয়ে যাওয়া রঙ, এমনকি শিবের অনুপ্রেরণায় করা একটি অসমাপ্ত আর্মব্যান্ড, সব মিলিয়ে জটিল একটি কাজ ছিল এটি। কিছু অংশ ঢেকে দেওয়া হয়েছে, কিছু নতুন করে ঠিক করা হয়েছে, আবার নতুন ডিজাইনও যোগ করা হয়েছে। সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য শিল্পকর্ম।
এদিকে ট্যাটুর পাশাপাশি ক্রিকেট মাঠেও বড় লক্ষ্যে নামছেন কোহলি। আইপিএলে ইতিমধ্যেই তাঁর ৮,৬৬১ রান রয়েছে। এবার তিনি ৯,০০০ রানের মাইলফলক ছোঁয়ার পথে। শুধু তাই নয়, একটি দলের হয়ে ১০,০০০ টি-টোয়েন্টি রান করার ঐতিহাসিক রেকর্ডও তাঁর সামনে হাতছানি দিচ্ছে।
নতুন ট্যাটু যেন শুধু স্টাইল নয়, এটা যেন বিরাট কোহলির জীবনের গল্প, সংগ্রাম আর পরিবর্তনের এক নিঃশব্দ ভাষা। আর সেই ভাষা বুঝতে এখন মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।
