
ঝটিকা সফরে কলকাতায় আসছেন অমিত শাহ। নিউ টাউনে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবেন, জোরদার হবে নির্বাচনী লড়াই।
ভোটের উত্তাপ বাড়তেই নাটকীয় মোড়! শুক্রবার রাতেই কলকাতায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর এই সফর ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য কারণ, শনিবারই প্রকাশ হতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বড় ‘চার্জশিট’!
বিজেপি সূত্রে খবর, দিল্লি থেকে রাতেই উড়ে এসে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে উঠবেন শাহ। সেখানেই রাত কাটিয়ে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি। ঠিক বেলা ১২টা থেকে শুরু হবে এই কর্মসূচি, যেখানে রাজ্যের শাসক দলকে নিশানা করে একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হবে।
এই ‘চার্জশিট’-এ মূলত রাজ্যের নানা সমস্যা, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে গত ১৫ বছরে রাজ্যের পরিস্থিতি কতটা অবনতি হয়েছে তা তুলে ধরার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সরাসরি কাঠগড়ায় তোলা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। পাশাপাশি নিশানায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ‘চার্জশিট’ বিজেপির বড় কৌশল। প্রথমে শাসকদলের ‘ভুল’ তুলে ধরে, তারপর নিজেদের ইস্তাহার প্রকাশ করে পাল্টা বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। অর্থাৎ, আগে ‘সমস্যা’, তারপর ‘সমাধান’ এই রণনীতিতেই এগোচ্ছে তারা।
অন্যদিকে, এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রাপ্ত শাহের সঙ্গে থাকবেন কড়া নিরাপত্তারক্ষী বাহিনী। বিমানবন্দর থেকে নিউ টাউন পর্যন্ত পুরো রুটে নজরদারি বাড়ানো হয়েছে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
তবে রাজনৈতিক লড়াই এখানেই থেমে নেই। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও উত্তপ্ত রাজ্য রাজনীতি। একাধিক আধিকারিকের বদলি ঘিরে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। এমন পরিস্থিতিতে শাহের এই সফর নতুন করে উত্তেজনা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
শনিবারের এই ‘চার্জশিট’ প্রকাশ ঘিরে নজর এখন গোটা বাংলার। ভোটের আগে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
