
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে ফের বড় আপডেট সামনে আনল ভারতের নির্বাচন কমিশন। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর অংশ হিসেবে প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র অনুযায়ী, প্রথম এবং দ্বিতীয় তালিকা মিলিয়ে মোট প্রায় ২২ লক্ষ ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় প্রায় ১২ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখানেই শেষ নয় এখনও প্রায় ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি রয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোট নিষ্পত্তি হওয়া প্রায় ৩৭ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪০ শতাংশের নাম বাদ পড়েছে। অর্থাৎ প্রায় ১৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কমিশন সূত্রে দাবি, সমস্ত প্রক্রিয়া আইন মেনে এবং যথাযথ যাচাইয়ের ভিত্তিতেই করা হচ্ছে।
কমিশন আরও জানিয়েছে, এখনও প্রায় ৭ লক্ষ ভোটারের নাম ‘ই-সাইন’-এর অভাবে আটকে রয়েছে। অর্থাৎ বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেই নামগুলি প্রকাশিত হয়নি। অন্যদিকে, প্রায় ৯ লক্ষ ভোটারের নাম সরাসরি বাদ পড়েছে বলেও সূত্রের খবর।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তালিকা প্রকাশের প্রক্রিয়া কতটা স্বচ্ছ? অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাঁদের দাবি, এত বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, খুব শীঘ্রই পরবর্তী তালিকা প্রকাশ করা হবে। আগামী শুক্রবার বা সোমবার নতুন তালিকা আসতে পারে, এমনকি প্রতিদিন তালিকা প্রকাশের বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই বড়সড় পরিবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ তৈরি করেছে। এখন নজর বাকি ২৩ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কী হয় এবং শেষ পর্যন্ত কতজন ভোটার চূড়ান্ত তালিকায় জায়গা পান।
