
শুরু হতে চলেছে Indian Premier League 2026, আর প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের মুখে Kolkata Knight Riders। প্রতিপক্ষ শক্তিশালী Mumbai Indians, আর ম্যাচের ভেন্যু ওয়াংখেড়ে যেখানে বরাবরই দাপট দেখায় মুম্বই দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেকেআর শিবিরে যেমন উত্তেজনা, তেমনই কিছুটা চিন্তাও রয়েছে।
পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনও অনেকটাই এগিয়ে মুম্বই। সেই রেকর্ড বদলাতে এবার মরিয়া কেকেআর। অধিনায়ক অজিঙ্কা রাহানে দলকে নতুনভাবে সাজাতে চাইছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন বোলিং বিভাগ নিয়ে। দলে একমাত্র বিদেশি পেসার ব্লেসিং মুজারাবানি থাকলেও পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি চোখে পড়ছে। বৈভব অরোরা-দের উপরই ভরসা রাখতে হবে।
তবে যেখানে চিন্তা, সেখানেই ভরসাও আছে আর সেটি ব্যাটিং। দলে রয়েছেন একাধিক আক্রমণাত্মক ব্যাটার, যারা যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্রের মতো কিউই তারকারা শুরু থেকেই বড় শট খেলতে পারদর্শী। এছাড়াও অংকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডাররা দলে গভীরতা বাড়িয়েছে।
এই মরশুমে সবচেয়ে বড় চমক Andre Russell-কে ঘিরে। দীর্ঘ ১১ বছর কেকেআরের হয়ে খেলার পর এবার তিনি নতুন ভূমিকায় দলের ‘পাওয়ার হিটিং কোচ’। আইপিএল থেকে অবসর নেওয়ার পরই তাঁকে এই দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই অনুশীলনে তাঁর প্রভাব স্পষ্ট। একটি ভিডিওতে দেখা গিয়েছে, তরুণ ক্রিকেটারদের ছক্কা মারার কৌশল শেখাচ্ছেন তিনি কখনও ভুল ধরিয়ে দিচ্ছেন, আবার ভালো শটের প্রশংসাও করছেন।
রাসেল নিজেই জানিয়েছেন, “আমি সবসময়ই প্লেয়ারদের ছক্কা মারতে সাহায্য করতে চাই। আমার মানসিকতায় কোনও বদল আসেনি। যাদের সঙ্গে খেলেছি বা যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।” তাঁর এই অভিজ্ঞতা যে দলের তরুণ ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই যায়।
তবে ম্যাচের আগে আরেকটি প্রশ্ন ঘুরছে ক্যামেরন গ্রিন কতটা বল করতে পারবেন? তাঁর বোলিং গতি তুলনামূলক কম হওয়ায় ম্যানেজমেন্ট কিছুটা ধন্দে রয়েছে। স্পিন বিভাগে অবশ্য বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মতো নির্ভরযোগ্য নাম রয়েছে।
কেকেআরের আশা এখন ব্যাটিং শক্তির উপর। ওয়াংখেড়ের পিচে পেসারদের সুবিধা থাকলেও, যদি ব্যাটাররা ছন্দে থাকেন, তাহলে ম্যাচ ঘুরে যেতে সময় লাগবে না। এখন দেখার, Rohit Sharma-দের বিরুদ্ধে কেকেআরের ‘পাওয়ার প্লেয়ার’ কে হয়ে ওঠেন।
