
আইপিএল ২০২৬-এর শুরুতেই জমে উঠেছে উত্তেজনা। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানস। দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ম্যাচের আগে সব আলোচনার কেন্দ্রে একটাই নাম জসপ্রীত বুমরাহ। তিনি কি আজ মাঠে নামবেন?
মুম্বই ইন্ডিয়ানস শিবিরে যদিও আশাবাদী সুর। দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাহ ফিট এবং তিনি খেলতে প্রস্তুত। দীর্ঘদিন পর দলে ফেরায় স্বাভাবিকভাবেই বাড়তি ভরসা পাচ্ছে মুম্বই। কারণ, ডেথ ওভারে তাঁর নিখুঁত ইয়র্কার ও অভিজ্ঞতা যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। “ফিট” থাকলেই যে তিনি প্রথম একাদশে থাকবেন, তা নিশ্চিত নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই সূত্রের খবর। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত বুমরাহকে নিয়ে রহস্য বজায় থাকছে।
উল্লেখ্য, মরসুমের শুরুতে বুমরাহ দলে ছিলেন না। টি-২০ বিশ্বকাপের পর সরাসরি শিবিরে যোগ না দেওয়ায় চোটের জল্পনা ছড়ায়। পরে জানা যায়, এটি আসলে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে, যাতে আগামি ইংল্যান্ড সফরে তিনি পুরোপুরি ফিট থাকেন। অর্থাৎ, কোনও ঝুঁকি না নিয়েই ধাপে ধাপে মাঠে ফেরানো হচ্ছে তাঁকে।
পরিসংখ্যান বলছে, কেকেআরের বিরুদ্ধে বুমরাহ বরাবরই সফল। ১৮টি ম্যাচে ২৫টি উইকেট তাঁর ঝুলিতে। বিশেষ করে শেষের ওভারগুলিতে তাঁর নিয়ন্ত্রণ অসাধারণ। ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে তাঁর অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
অন্যদিকে, মুম্বই দলে এখনও যোগ দেননি উইল জ্যাকস ও মিচেল স্যান্টনার। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে তাঁদের কিছুটা বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে দল সম্পূর্ণ শক্তিতে নামতে পারছে না। তবুও কেকেআরের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ঢিলেমি রাখতে নারাজ মুম্বই।
আজকের ম্যাচে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে কেকেআরের ব্যাটিং শক্তি, অন্যদিকে মুম্বইয়ের বোলিং আক্রমণ। তার উপর বুমরাহ খেলবেন কি না এই এক প্রশ্নই ম্যাচের আগে বাড়িয়ে দিয়েছে রোমাঞ্চ। এখন দেখার, শেষ পর্যন্ত মাঠে নামেন কি না এই তারকা পেসার, আর নামলে কতটা প্রভাব ফেলতে পারেন ম্যাচে।
