
ডিজিটাল লেনদেনের জগতে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে Reserve Bank of India (RBI), যা সরাসরি প্রভাব ফেলবে আপনার প্রতিদিনের UPI, কার্ড এবং ওয়ালেট পেমেন্টে। অনলাইন জালিয়াতি রুখতেই এই কড়া পদক্ষেপ বলে জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সমস্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ, শুধু মোবাইলে আসা OTP দিয়ে আর লেনদেন সম্পূর্ণ করা যাবে না। এর সঙ্গে যুক্ত হবে আরও একটি সুরক্ষা স্তর যেমন বায়োমেট্রিক (আঙুলের ছাপ/ফেস আইডি), PIN, পাসওয়ার্ড বা অ্যাপ-ভিত্তিক অথেনটিকেশন।
RBI-এর এই “নীতি-ভিত্তিক কাঠামো”-র মূল লক্ষ্য হল ফিশিং, সিম-সোয়াপ ও অন্যান্য সাইবার জালিয়াতি রোধ করা। বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রতারকরা OTP হাতিয়ে নিয়ে সহজেই টাকা তুলে নেয়। কিন্তু নতুন নিয়মে OTP পেলেও তারা আর সহজে লেনদেন করতে পারবে না, কারণ দ্বিতীয় স্তরের নিরাপত্তা পেরোনো কঠিন হবে।
নিয়ম অনুযায়ী, অন্তত একটি অথেনটিকেশন ফ্যাক্টর ডায়নামিক হতে হবে অর্থাৎ প্রতিটি লেনদেনের জন্য আলাদা করে তৈরি হবে। ফলে প্রতিটি পেমেন্ট আরও সুরক্ষিত হবে। ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিকে একাধিক যাচাইকরণ পদ্ধতি চালু রাখতে বলা হয়েছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনও নিরাপত্তা ত্রুটির কারণে গ্রাহকের আর্থিক ক্ষতি হয়, তবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা সংস্থাকেই দায় নিতে হবে। এতে গ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে শুরুতে কিছুটা অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি এনে দেবে। কারণ ডিজিটাল পেমেন্ট যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি।
তবে সাধারণ ব্যবহারকারীদের এখন থেকেই সতর্ক থাকতে হবে নতুন নিয়ম অনুযায়ী নিজেদের মোবাইল, ব্যাঙ্কিং অ্যাপ এবং বায়োমেট্রিক সেটিংস আপডেট করে রাখা জরুরি। কারণ ১ এপ্রিলের পর থেকে এই নিয়ম কার্যকর হলে, নিরাপত্তা যাচাই ছাড়া কোনও লেনদেনই সম্পূর্ণ করা যাবে না।
ডিজিটাল পেমেন্টের জগতে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সুবিধার সঙ্গে নিরাপত্তাকেও দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
