
রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে এবার কার্যত ডেডলাইন এসে গিয়েছে দরজায়। হাতে আর মাত্র এক দিন সময় ৩১ মার্চের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই কারণেই এখন জোর প্রস্তুতি চলছে নবান্নে।
Supreme Court of India-এর নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে বকেয়া DA-র অন্তত ২৫% দ্রুত মিটিয়ে দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুরো বকেয়া নয় বাকি অংশ সেপ্টেম্বর মাসে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থদফতরের আগের বিজ্ঞপ্তিতে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া DA দুই দফায় দেওয়ার কথা বলা হলেও, নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। এখন এক দফাতেই চার কিস্তির বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে যেমন আশা, তেমনই রয়েছে সংশয়ও।
কারা এই সুবিধা পাবেন? সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই সময়কালে কর্মরত রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরাই এই বকেয়া DA পাওয়ার আওতায় থাকবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, সংশ্লিষ্ট ফাইল অর্থদফতরে পাঠানো হয়েছে।
টাকা কীভাবে দেওয়া হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। গ্রুপ ডি কর্মী ও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তবে গ্রুপ A থেকে C কর্মীদের জন্য টাকা জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা পড়বে। আর এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক কারণ এই টাকা আগামী ২ বছর তোলা যাবে না বলে নির্দেশ রয়েছে। ফলে কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, ডিএ নিয়ে আইনি লড়াই এখনও শেষ হয়নি। একদিকে রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করেছে, অন্যদিকে কর্মীরাও আদালত অবমাননার মামলা করেছেন। ফলে বিষয়টি এখনো বিচারাধীন এবং চূড়ান্ত সমাধান অধরা।
দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলা আন্দোলন, বিক্ষোভ এবং আইনি লড়াইয়ের পর এই আংশিক স্বস্তি মিললেও, প্রশ্ন রয়ে যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সত্যিই কি কর্মীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে? এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী।
