
টলিউডে চাঞ্চল্য ছড়াল চিত্রনাট্যকার-পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হওয়া ঘিরে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ব্যাঙ্কের কাজে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর সঙ্গে। দুপুরে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হলেও, তার কিছুক্ষণ পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি এই পরিচালককের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ সেরে বাড়ি ফেরার উদ্দেশেই বেরিয়েছিলেন উৎসব। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিট নাগাদ তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন বলে জানান। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকেই ফোন সুইচড অফ হয়ে যায়, যা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে পরিবারের।
ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিলেন উৎসব। তাঁর সঙ্গে ছিল প্রয়াত বাবার পুরনো একটি ফোন, সেটিই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। সেটিও বর্তমানে বন্ধ থাকায় প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে।
পরিবার ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তিনি আদৌ ব্যাঙ্ক থেকে বেরিয়েছিলেন কিনা, নাকি সেখান থেকেই কোনও অঘটন ঘটেছে এই প্রশ্নগুলিই এখন তদন্তের মূল কেন্দ্রে।
উৎসব মুখোপাধ্যায় মূলধারার বাণিজ্যিক ছবির পরিচালক না হলেও স্বাধীন চলচ্চিত্র ও চিত্রনাট্যের জগতে পরিচিত নাম। ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবির গল্প লেখার মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। সহকর্মীদের মতে, তিনি ছিলেন শান্ত স্বভাবের, সৃজনশীল এবং কাজের প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ।
একজন সৃষ্টিশীল মানুষের এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় শিল্পী মহলে উদ্বেগ ছড়িয়েছে। পরিবার ও ঘনিষ্ঠ মহল সকলের কাছেই আবেদন জানিয়েছে যদি কেউ কোনও তথ্য জানেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তবে যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্যাঙ্কে প্রবেশ করার পর ঠিক কী ঘটেছিল উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।
