
পানিহাটি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম নজরকাড়া কেন্দ্র পানিহাটিতে ভোট পরিচালনার দায়িত্বে থাকা এক সেক্টর অফিসারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পক্ষপাতিতার অভিযোগ এনেছে নির্বাচন কমিশনের কাছে। শাসকদলের অভিযোগ, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার অতনু চক্রবর্তী নির্বাচনী বিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রচারের কাজে যুক্ত ছিলেন।
তৃণমূলের তরফে লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৩ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও প্রচার সামগ্রী তৈরি করছেন। অভিযোগ, ভিডিওতে উপস্থিত অফিসারই ওই কার্যক্রমে জড়িত ছিলেন। ভোটের সময় সেক্টর অফিসারের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল স্পর্শকাতর বুথ চিহ্নিত করা, নিরাপত্তা ব্যবস্থা দেখা এবং ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব পালনের কারণে কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করা ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট’ এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
তৃণমূল জানিয়েছে, এই ধরনের আচরণ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে এবং ভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। শাসকদল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি করেছে।
এ প্রসঙ্গে তৃণমূলের আবেদন, নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য কমিশন যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করুন। নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের কাছে এই নালিশ দায়ের করা হয়েছে।
রাজ্যের ভোট ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়াতে নির্বাচন কমিশনকে তৃণমূলের এই পদক্ষেপ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
