
জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে আম আদমি পার্টির তরুণ মুখ Raghav Chadha-কে ঘিরে। দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নতুন করে চর্চায় এসেছে তিনি কি নিজস্ব রাজনৈতিক দল গড়ার পথে হাঁটবেন?
সম্প্রতি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। পাশাপাশি সংসদে তাঁর বক্তব্য রাখার সুযোগ নিয়েও আপত্তি জানিয়েছে Aam Aadmi Party। এই সিদ্ধান্তের পর থেকেই দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রাঘব। সংসদ চত্বরে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তোলেন সাধারণ মানুষের কথা বলাই কি তাঁর অপরাধ?
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমর্থন পেতে শুরু করেন তিনি। বহু সাধারণ মানুষ তাঁর পাশে দাঁড়ানোর কথা জানান। চমকপ্রদভাবে এই তালিকায় যোগ দেন বলিউড অভিনেত্রী Disha Patani-র দিদি Khushboo Patani। প্রাক্তন সেনা আধিকারিক খুশবু পাটানি সরাসরি রাঘবকে নতুন রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন। তাঁর মন্তব্য, দেশের জন্য শিক্ষিত ও বিচক্ষণ নেতৃত্বের প্রয়োজন, এবং রাঘব সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
অন্যদিকে, আপ নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাঘব চাড্ডা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরব হচ্ছেন না। বরং ছোটখাটো বিষয় নিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করছেন। এমনকি প্রধানমন্ত্রী Narendra Modi-র বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতেও তিনি অনীহা দেখাচ্ছেন বলেও অভিযোগ।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে রাঘব কি সত্যিই দল ছাড়বেন, নাকি আপের সঙ্গেই সমাধানের পথ খুঁজবেন? যদিও এখনও পর্যন্ত তিনি নতুন দল গঠনের বিষয়ে সরাসরি কিছু জানাননি, তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পরিস্থিতি যদি আরও জটিল হয়, তাহলে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
ভোটের আগে এই ধরনের রাজনৈতিক টানাপোড়েন যে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, তা বলাই বাহুল্য। এখন নজর রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপের দিকে।
