
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে আবারও সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পূর্ব বর্ধমানের কালনায় জনসভা করেন তিনি। সভার শুরুতেই তিনি মা সর্বমঙ্গলা ও ১০৮ শিবমন্দিরে প্রণাম জানিয়ে বাংলায় ভাষণ শুরু করেন, যা উপস্থিত জনতার মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
ভাষণের শুরুতেই মোদী বলেন, “আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। প্রত্যেকবার আপনারা ভিড়ের রেকর্ড ভেঙে দিচ্ছেন। এটা তো শুধু ট্রেলার।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এরপরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘ ১৫ বছরের শাসনে দুর্নীতি হয়েছে এবং সেই হিসাব নেওয়া হবে। তাঁর কথায়, “তৃণমূল নেতাদের দুর্নীতির হিসেব নেব। বাংলার মানুষ পরিবর্তন চায়।”
মোদি আরও বলেন, রাজ্যে জনসমর্থন বিজেপির দিকে বাড়ছে এবং মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলায় নতুন রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে।
সভা থেকে নতুন স্লোগানও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।” এই স্লোগানকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
কালনার এই জনসভা পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলল। একদিকে মোদীর আক্রমণাত্মক বার্তা, অন্যদিকে তৃণমূলের পাল্টা অবস্থান—সব মিলিয়ে রাজ্যের ভোটযুদ্ধ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।
সভায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এবং গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচনের আগে এই ধরনের বড় জনসভা দুই প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
