
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের জন্য নির্ধারিত ১৫২টি আসনের বুথভিত্তিক তালিকা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন এবং সিইও দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। তার মাত্র ১১ দিন আগে এই তালিকা প্রকাশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর খসড়া তালিকা থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে বুথভিত্তিকভাবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়। পরে খসড়া তালিকায় লক্ষাধিক নাম বাদ পড়ে এবং পরবর্তী পর্যায়ে আরও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভোটার তালিকায় বড় পরিবর্তন আসে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বিচার বিভাগীয় পর্যালোচনার পর বহু নাম যুক্ত ও বাদ দেওয়া হয়েছে বলেও জানা যায়।
কমিশনের হিসেব অনুযায়ী, প্রতিটি বুথে কতজন ভোটারের নাম যুক্ত হয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে এবং ফর্ম ৬-এর মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে—তার বিস্তারিত তথ্য তালিকায় তুলে ধরা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে বিচার বিভাগীয় নির্দেশে নাম বাদ পড়ার তথ্যও প্রকাশ করা হয়েছে।
এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অনেকেই ইতিমধ্যেই আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে, ট্রাইবুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ভোটাধিকার নিশ্চিত হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টেও ওঠে, যেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ১৩ এপ্রিল এ বিষয়ে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে।
নির্বাচনের মুখে বুথভিত্তিক এই বিস্তারিত ভোটার তালিকা প্রকাশকে ভোট প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
