
বাংলা নববর্ষের আগেই রাজ্যে ফের বাড়তে চলেছে গরমের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরম ও আর্দ্রতার অস্বস্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। যদিও ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে, তবে তার পরেই পরিস্থিতি দ্রুত বদলাবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না, বরং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।
বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে গরমের প্রভাব বেশি পড়বে বলে জানানো হয়েছে। দিনের বেলায় তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন ছবি দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-তে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যে যে অস্থির আবহাওয়া তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। ফলে আপাতত বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
নববর্ষের শুরুতে দক্ষিণবঙ্গের মানুষকে তীব্র গরমের জন্য প্রস্তুত থাকতে হবে, অন্যদিকে উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে বৃষ্টির হাত ধরে।
