
ঘানার ঘরোয়া ফুটবল লিগে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। ম্যাচ খেলে ফেরার পথে ক্লাব বেরেকুম চেলসির বাস সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন দলের তরুণ উইঙ্গার ডমিনিক ফ্রিমপং।
ঘটনাটি ঘটে দক্ষিণ ঘানার সামরেবোই এলাকায়, সামারটেক্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার সময়। জানা গেছে, গোয়াসো-বিবিয়ানি সড়কে হঠাৎই বাসটির পথ আটকায় একদল মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতী। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও অ্যাসল্ট রাইফেল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিপদ বুঝে বাসচালক দ্রুত গাড়ি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই ডাকাতদল গুলি চালাতে শুরু করে। আতঙ্কে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা বাস থেকে নেমে পাশের ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেই সময়েই গুলিবিদ্ধ হন ২০ বছর বয়সী ফুটবলার ডমিনিক ফ্রিমপং।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো ক্লাব ও ঘানা ফুটবল মহল শোকস্তব্ধ হয়ে পড়েছে।
বেরেকুম চেলসি ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ও ভয়াবহ হামলা। তারা জানান, ম্যাচ শেষ করে ফিরছিল দল, সেই সময় হঠাৎ করে সশস্ত্র দল বাস ঘিরে ফেলে এবং গুলি চালায়। খেলোয়াড়দের প্রাণ বাঁচাতে যেভাবে লুকোতে হয়েছে, তা অত্যন্ত আতঙ্কজনক অভিজ্ঞতা।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং মৃত খেলোয়াড়ের পরিবার ও ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘরোয়া লিগে দলগুলোর যাতায়াতের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত হামলা বলে মনে করা হচ্ছে, তবে এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও একই রাস্তায় এমন ঘটনা ঘটেছিল বলে জানা গেছে, যদিও তখন কোনও প্রাণহানি হয়নি। ফলে এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে খেলাধুলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘানার ফুটবল অঙ্গনে। ভবিষ্যতের এক সম্ভাবনাময় প্রতিভার এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
