
কলকাতা: রবিবার আইপিএল ২০২৬-এর একটি হাই-ভোল্টেজ ম্যাচে বড় ধাক্কা খেল দুই শক্তিশালী দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। একই ম্যাচে চোট পেলেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফলে দুই শিবিরেই তৈরি হয়েছে উদ্বেগের আবহ।
ম্যাচে RCB-এর ইনিংসে কোহলি ব্যাট হাতে ৩৮ বলে ৫০ রান করে আউট হন। তবে এরপরই দেখা যায়, তিনি ফিল্ডিংয়ে নামেননি। তাঁর বদলে মাঠে আসেন জেকব বেথেল। ধারাভাষ্যকারদের মতে, কোহলির গোড়ালিতে হালকা চোট লাগে। পরে RCB অধিনায়ক রজত পাটীদার জানান, ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। সাজঘরে বসেই দলের জয় উপভোগ করেন কোহলি।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। রোহিত শর্মা ১৩ বলে ১৯ রান করার পরই অস্বস্তি অনুভব করেন। দৌড়ানোর সময় সমস্যায় পড়তে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পর ইশারায় জানিয়ে দেন, তিনি আর খেলতে পারবেন না। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি তিনি, সূর্যকুমার যাদব তাঁর জায়গা নেন।
মুম্বইয়ের ক্রিকেটার শারফেন রাদারফোর্ড পরে জানান, রোহিতের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আশাবাদী, বড় কোনও সমস্যা নয়। অন্যদিকে কোহলির ক্ষেত্রে চোট খুব গুরুতর নয় বলেই জানিয়েছে RCB শিবির।
একই ম্যাচে দুই ভারতীয় ক্রিকেট আইকনের চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে সমর্থকদের মধ্যে। বিশেষ করে আইপিএলের ব্যস্ত সূচির মাঝে এই ধরনের চোট দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী কয়েকটি ম্যাচে দুই তারকা খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বুধবার বেঙ্গালুরু মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের, আর বৃহস্পতিবার মুম্বই খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচগুলিতেই স্পষ্ট হবে রোহিত ও কোহলির চোটের প্রকৃত অবস্থা।
