
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-তৈরি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ছবিটিতে তাঁকে যীশুর আদলে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা ঘিরে ধর্মীয় আবেগ ও রাজনৈতিক সমালোচনা একসঙ্গে তীব্র হয়েছে।
ঘটনার সূত্রপাত, পোপ চতুর্দশ লিওর যুদ্ধবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে ট্রাম্পের কটাক্ষের পর। পোপকে “দুর্বল” বলে আক্রমণ করার পরই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন, যা নিয়ে এখন তোলপাড় আন্তর্জাতিক মহল।
ছবিটিতে দেখা যাচ্ছে, ট্রাম্পকে যীশুর মতো কেন্দ্রীয় আসনে বসানো হয়েছে, মাথার পিছনে আলোর বৃত্তের মতো আভা, এবং চারপাশে বিভিন্ন প্রতীকী উপাদান। এতে আমেরিকার পতাকা, রাষ্ট্রীয় প্রতীক এবং সামরিক চিহ্নও রয়েছে। অনেকের মতে, ছবিটি খ্রিস্টান ধর্মীয় চিত্রকলার আদলেই তৈরি, বিশেষ করে যীশুর নিরাময় দৃশ্য ও “বিশ্বের রক্ষাকর্তা” হিসেবে পরিচিত চিত্রশৈলীর অনুকরণ রয়েছে এতে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ছবিটির গঠন লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত “সালভাতর মুন্ডি” চিত্রের সঙ্গে মিল রয়েছে। সেখানে যীশুকে কেন্দ্রস্থলে রেখে এক বিশেষ ভঙ্গিতে উপস্থাপন করা হয়, যা এই এআই ছবিতেও প্রতিফলিত হয়েছে বলে দাবি।
এই ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। একাংশের মতে, এটি রাজনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা। অন্যদিকে, সমালোচকদের দাবি, ধর্মীয় প্রতীক ব্যবহার করে রাজনৈতিক প্রচার অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং তা বিভাজনও তৈরি করতে পারে।
এর আগেও ট্রাম্পকে কেন্দ্র করে ধর্মীয় প্রতীকযুক্ত ছবি তৈরি হয়েছে, যেখানে তাঁকে যীশুর সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছিল। ফলে নতুন এই ছবিটি সেই ধারারই আরও একটি অংশ বলে মনে করছেন অনেকে।
এখনও পর্যন্ত হোয়াইট হাউস বা ট্রাম্পের পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনৈতিক ও ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
