
কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করল কমিশন, যেখানে ভোটাররা সরাসরি আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
কমিশন জানিয়েছে, ভোটের সময় কেউ হুমকি দিলে, ভয় দেখালে বা এলাকায় কোনও ধরনের অশান্তি সৃষ্টি হলে নাগরিকরা সরাসরি এই নম্বরে ফোন করে অভিযোগ করতে পারবেন। পাশাপাশি ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ থাকবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন টোল ফ্রি নম্বর হলো ১৮০০৩৪৫০০০৮ এবং ইমেল আইডি হলো wbfreeandfairpolls@gmail.com। সোমবার থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের অভিযোগ দ্রুত গ্রহণ ও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে দাবি কমিশনের।
এর পাশাপাশি কমিশন আগেই জাতীয় স্তরের টোল ফ্রি নম্বর ১৯৫০ চালু রেখেছে, যেখানে ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও অভিযোগ জানানো যায়। তবে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানান, ভোটের আগে ও চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা অভিযোগ আসছে। সেই কারণেই পৃথক নম্বর ও ইমেল চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ আরও সহজে ও দ্রুত অভিযোগ জানাতে পারেন। তাঁর কথায়, “অভিযোগ পাওয়ার পর আমরা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
কমিশন আরও জানিয়েছে, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রুটমার্চের মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করার চেষ্টা চলছে। ভোটের সময় কোনও ধরনের হিংসা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।
তবে কমিশনের এই সক্রিয়তা নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীরা কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, ভোট সুষ্ঠু করতে এই ধরনের ব্যবস্থা জরুরি।
ভোটের আগে নির্বাচন কমিশনের এই নতুন উদ্যোগ রাজ্যের নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
