
কলকাতা, ১৬ এপ্রিল: প্রথম দফার বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, প্রায় ৩৪৫ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, আর প্রতি প্রার্থীর গড় সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ₹১.৩৪ কোটি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
মোট ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১,৪৭৮ জন প্রার্থীর মধ্যে ১,৪৭৫ জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে ৩৪৫ জন, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৯৪ জন (প্রায় ২০ শতাংশ) গুরুতর অপরাধমূলক মামলায় অভিযুক্ত।
বিশেষভাবে উদ্বেগজনক, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার সংখ্যাও কম নয়। মোট ৯৮ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে, যার মধ্যে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।
এই প্রসঙ্গে ADR-এর সদস্য উজ্জয়িনী হালিম বলেন, “রাজনৈতিক দলগুলি যে ভাবে গুরুতর অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রার্থীদের, এমনকি ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারের মতো অভিযোগ থাকা সত্ত্বেও মনোনয়ন দিচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আবার যে দেশে এখনও বিপুল জনগোষ্ঠী দারিদ্রসীমার নীচে বাস করে, সেখানে প্রার্থীদের গড় সম্পদ এক কোটিরও বেশি হওয়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে।”
দলভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিজেপির ১৫২ জন প্রার্থীর মধ্যে ১০৬ জন (৭০ শতাংশ)-এর বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৩ জন (৪৩ শতাংশ)-এর বিরুদ্ধে মামলা রয়েছে। সিপিআই(এম)-এর ৯৮ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন (৪৪ শতাংশ) এবং কংগ্রেসের ১৫১ জন প্রার্থীর মধ্যে ৩৯ জন (২৬ শতাংশ)-এর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
এছাড়া, ১৫২টি আসনের মধ্যে ৬৬টি (৪৩ শতাংশ) ‘রেড অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত, যেখানে অন্তত তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে।
সম্পদের নিরিখে দেখা গিয়েছে, ৩০৯ জন প্রার্থী (২১ শতাংশ) কোটিপতি। এদের মধ্যে প্রায় ৪৮.৭ শতাংশের সম্পদ ₹১০ কোটির বেশি, ৩০.৪ শতাংশের সম্পদ ₹৫ থেকে ₹১০ কোটির মধ্যে, এবং ১৫.৫ শতাংশের সম্পদ ₹১ থেকে ₹৫ কোটির মধ্যে। অন্যদিকে, ২.৪ শতাংশ প্রার্থীর সম্পদ ₹১০ থেকে ₹২০ লক্ষের মধ্যে এবং ৩.১ শতাংশের সম্পদ ₹১০ লক্ষেরও কম।
দলভিত্তিকভাবে কোটিপতি প্রার্থীর সংখ্যায় এগিয়ে তৃণমূল কংগ্রেস—১৪৪ জনের মধ্যে ১০৬ জন। বিজেপিতে এই সংখ্যা ৭১ (১৫২-এর মধ্যে), কংগ্রেসে ৫০ (১৫১-এর মধ্যে) এবং সিপিআই(এম)-এ ২৪ (৯৮-এর মধ্যে)।
প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গড় সম্পদ ₹১.৩৪ কোটি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
সবচেয়ে ধনী প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনজনই তৃণমূল কংগ্রেসের। এর মধ্যে জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন সর্বাধিক ₹১৩৩ কোটির সম্পদ ঘোষণা করেছেন।
এই পরিসংখ্যান আবারও নির্বাচনী রাজনীতিতে অপরাধীকরণ ও আর্থিক বৈষম্যের প্রশ্নকে সামনে এনে দিল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
