ক্ষমতায় এসেই নানা দেশের ট্যাক্স নিয়ে তোপ দেগে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ বর্ধিত আমদানি শুল্কের কারণে রফতানি করা যাচ্ছে না একাধিক পণ্য৷ এবার সেই সমস্যার সমাধানে পারস্পরিক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।২ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে ধার্য করা হবে নয়া এই শুল্ক নীতি৷ ভারত ছাড়াও বিভিন্ন দেশের উপর শুল্ক বাড়তে চলেছে ওয়াশিংটন৷
এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত আমাদের দেশ৷” শুল্কের একটি তালিকাও পেশ করেন তিনি৷ লেভিট জানান, মার্কিনি দুগ্ধজাত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন দেশে থেকে যাওয়া চালের উপর ৭০০ শতাংশ শুল্ক নেয় জাপান, মার্কিনি কৃষিজাত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক নেয় ভারত৷ আমেরিকায় তৈরি বাটার ও চিজের উপর ৩০০ শতাংশ শুল্ক চাপিয়েছে কানাডা৷ ওয়াশিংটনের অভিযোগ বিরাট শুল্কের ফলে এই সমস্ত দেশে পণ্য রফতানি প্রায় অসম্ভব হয়ে উঠেছে।সমস্যার সমাধানের জন্য ট্রাম্পের সিদ্ধান্ত ২ এপ্রিল থেকে ভারত-সহ একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক ধার্য করা হবে৷ বিশেষ এই দিনটিকে আমেরিকার লিবারেশন ডে বা মুক্তি দিবস বলে উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে বাকিদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স৷ সকলে একত্রে প্রেসিডেন্টের কাছে একটি খসড়া পেশ করবেন৷ ক্যারোলিন লেভিট জানিয়েছেন তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প৷
‘লিবারেশন ডে’-র আগে পড়ল শেয়ার বাজার
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুধবার তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’তে তিনি নতুন শুল্ক বসানোর ঘোষণা করবেন। আর সেই ধাক্কা লেগেছে শেয়ার বাজারে।এস অ্যান্ড পি ৫০০ প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ নিচে পড়েছে। ডিডব্লুর তথ্য বলছে ন্যাসডাক পড়েছে এক দশমিক চার শতাংশ। একই সঙ্গে জাপানের নিককেই-২২৫ চার শতাংশ নিচে নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি তিন শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ প্রায় দেড় শতাংশ পড়েছে।বোঝাই যাচ্ছে নতুন শুল্ক ঘোষণার আগে বিনিয়োগকারীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
ফের মন্দার ভ্রুকুটি! কী হতে চলেছে বুধবার?
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন লিবারেশান ডে। একগুচ্ছ ট্যাক্স পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প আগেই মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে। কোনও কোনও বিশেষজ্ঞ জানাচ্ছেন, ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প। এক মার্কিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি এর জেরে বিশ্বে অর্থনৈতিক মন্দার সম্ভবনার কথা উড়িয়ে দেননি। মন্দা আসতে পারে কিনা সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান একটা বড় ঘোষণা হবে আর তার ফলে কিছু পরিবর্তন হবেই। সম্ভবত তার এই বক্তব্যের প্রভাব পড়েছে সোমবারের স্টক মার্কেটে।
