ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান এবার ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায়। খেলাকে বিদায় জানিয়ে ধারাভাষ্যে ব্যস্ত হলেও, তাঁর প্রেমজীবন ঘিরে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এক বিদেশি নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে ধাওয়ান নিজেই এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।
২০২৩ সালে প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে তাঁর পাশে এক স্বর্ণকেশী নারীকে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়। জানা গেছে, তিনি আয়ারল্যান্ডের সোফি শাইন। সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে ধাওয়ান রহস্য বজায় রেখে বলেন, “নাম নেব না, তবে তিনিই আমার বিশেষ কেউ।”
বিচ্ছেদের পর থেকে ছেলের সঙ্গে আর থাকা হয়নি শিখর ধাওয়ানের। আদালতের রায় অনুযায়ী, তাঁর একমাত্র সন্তানের হেফাজত পেয়েছেন প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। ফলে দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ পাননি তিনি।
একান্ত সাক্ষাৎকারে ছেলের প্রসঙ্গ উঠতেই গভীর আবেগে ভেসে যান শিখর ধাওয়ান। বিচ্ছেদের পর সন্তানের থেকে দীর্ঘদিন দূরে থাকা তাঁকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর কণ্ঠে। তিনি বলেন, “দুই বছর হয়ে গেল, ছেলেকে একবারও দেখতে পাইনি। ওর সঙ্গে কথা বলার সুযোগও হয় না। প্রতিটি মুহূর্ত ওকে মনে পড়ে।”
এই দূরত্ব মেনে নেওয়া তাঁর জন্য সহজ নয়। সন্তানের সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলোর স্মৃতিই এখন ধাওয়ানের একমাত্র সান্ত্বনা। ক্রিকেট মাঠে সব সময় প্রাণোচ্ছ্বল থাকলেও, ব্যক্তিগত জীবনের এই শূন্যতা তাঁকে ব্যথিত করে। ছেলে কি কখনো ফিরে আসবে তাঁর কাছে? এই প্রশ্নই যেন তাঁকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।
