সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষকরা এপ্রিল মাসের বেতন পাবেন কি? এখন এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের স্কুলে স্কুলে এমনকি রাজ্য শিক্ষা দপ্তরেও। সুপ্রিম কোর্ট
এসএসসি মামলায় প্যানেল বাতিল করার পরও প্যানেলের অন্তর্ভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? মার্চ মাসের বেতন পেয়ে গেলেও সরকারি স্যালারি পোর্টালে
এপ্রিল মাসের বেতন তালিকায় বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নাম থাকবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনও বক্তব্য বা নির্দেশিকা পাঠায়নি রাজ্য শিক্ষা দপ্তর। এমনকি শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের কাছেও বিষয়টি অজানা। স্পষ্ট উত্তর মেলেনি শিক্ষামন্ত্রীর কাছেও। এদিকে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট মাসের বেতন তালিকা রাজ্য শিক্ষা দপ্তরের স্যালারি পোর্টালে নথিভুক্ত করতে হয় স্কুলগুলিকে। যে বেতন তালিকায় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নাম ও বেতনক্রম নির্দিষ্টভাবে উল্লেখ করে পাঠাতে হয় স্কুল কর্তৃপক্ষকে। তদনুযায়ী আগামী সপ্তাহের মাঝামাঝিতেই প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে বেতন তালিকা পাঠাতে হবে শিক্ষা দপ্তরকে। যেহেতু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই সেক্ষেত্রে বাতিল শিক্ষক বা শিক্ষিকাদের নামও সেই তালিকায় উল্লেখ করতে হবে। আর এখানেই বেধেছে বিপত্তি। একদিকে শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের নির্দেশিকা না পেলে বেতন তালিকায় নাম রাখতে হবে নিয়মিত এবং বাতিল সব শিক্ষকদেরই। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই প্যানেলভুক্ত সব শিক্ষক-শিক্ষিকারা নির্দেশনামা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অবৈধ বলে বিবেচিত। সেক্ষেত্রে পরবর্তী বেতন তালিকায় তাদের নাম রাখা কতটা আইনসিদ্ধ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের সরকার পোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। যদিও বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন রাজ্য সরকার কোনও নির্দেশ না পাঠালে যেভাবে চলছে সেভাবেই চলবে বেতন তালিকা।
প্রসঙ্গত, উদ্ভুত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। একে তো স্কুলের পঠন-পাঠন এবং স্কুল পরিচালনা করতে গিয়ে দিশেহারা অবস্থা তার মধ্যে এই আইনি জটিলতায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাঁরা। যদিও প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ রাজ্য সরকার বা শিক্ষা দফতর এই সংক্রান্ত কোনও নির্দেশিকা না পাঠাচ্ছে ততক্ষণ প্রচলিত পদ্ধতিতেই প্রধান শিক্ষকরা বেতন তালিকা পাঠাবেন।
