দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। এবার চাকরিহারা সেই যৌথ মঞ্চে হাজির হলেন। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎও করলেন। যদিও, এ দিন ওই মঞ্চে উপস্থিত হতে দেখা যায়নি সংগ্রামী যৌথ মঞ্চের কোনও প্রতিনিধিকে। মঞ্চ থেকে এ দিন চাকরিহারাদের ‘বড়’ প্রশ্ন, যোগ্য নাকি অযোগ্যদের? ঠিক কাদের নিয়ে মুখ্যমন্ত্রী বসতে চাইছেন?
চাকরিহারা আর এক জীবন বিজ্ঞানের শিক্ষক বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের পক্ষে? উনি কি যোগ্যদের পৃথক লিস্ট দেবেন? নাকি অযোগ্যদের সঙ্গে এখনও থাকবেন?” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীকে লিস্ট দিতে হবে যোগ্যদের। আর বলতে হবে এর বাইরে আর কোনও যোগ্য নেই।”
চাকরিহারা এক শিক্ষক এদিন বলেন, “মুখ্যমন্ত্রী তো ডেকেছেন আমাদের ঠিক আছে। কিন্তু উনি কাদের নিয়ে বসতে চাইছেন? যোগ্যদের নিয়ে নাকি অযোগ্যদের নিয়ে? যোগ্য-অযোগ্য যদি সঙ্গে বসে, যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, আমরা যোগ্যরা তো তাঁদের সঙ্গে বসতে পারব না। মুখ্যমন্ত্রী খুবই ধূর্ত। উনি আগের দিন ‘বঞ্চিত’ শব্দ ব্যবহার করলেন। এই বঞ্চিত কারা? আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি করেছি।”
যদিও, এখনও চাকরিহারাদের নিয়ে কোনও রকম বক্তব্য পাওয়া যায়নি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী সাত তারিখ চাকরিহারাদের ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার চাকরিহারাদের ঠিক কী বার্তা দেন এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ, চাকরিজীবী ও চাকরিহারা আবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন।
