হরিণঘাটা ও মাটিগাড়ায় তৈরি হবে অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে বাংলার ডেয়ারি ব্র্যান্ডের আওতায় দুটি অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলছে রাজ্য সরকার। নদিয়ার হরিণঘাটা ও শিলিগুড়ির মাটিগাড়ায় ১১০ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রগুলি গড়ে তোলা হবে। হরিণঘাটার কারখানায় দৈনিক দেড় লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। হরিণঘাটা কেন্দ্রটিতে প্রথম পর্যায়ে চলতি বছরের জুন-জুলাই মাসে ১ লক্ষ লিটারের প্রক্রিয়াকরণ শুরু হবে ৷ আগামী বছরের প্রথমার্ধে বাকি ৫০ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ চালু হবে বলে স্থির করেছে রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দফতর ৷ অন্যদিকে, মাটিগাড়ার কারখানায় দৈনিক ৫০ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ করা যাবে। এই প্রকল্পও শেষ হবে আগামী এক বছরের মধ্যেই। প্যাকেটজাত দুধের পাশাপাশি পনির, ঘি, দই এবং লস্যি উৎপাদনের পরিকাঠামোও থাকছে। একই সঙ্গে বাংলার ডেয়ারির ডানকুনি দুগ্ধ কেন্দ্রের সংস্কার ও আধুনিকীকরণের কাজও শুরু হয়েছে। যার জন্য খরচ করা হবে প্রায় ২৩ কোটি টাকা। গত আর্থিক বছরই দুগ্ধ জাতীয় পণ্যের উৎপাদন ও বিকাশে দেশের সেরার তকমা পেয়েছে রাজ্য। এমনকি দুধ ও দুগ্ধজাত ও পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত সমবায় সমিতি গঠনে দেশের মধ্যে সেরা শিরোপা বাংলারই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে রাজ্যে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর দিকেই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
