সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষকরা এপ্রিল মাসের বেতন পাবেন কি? এই অনিশ্চয়তাকে সামনে রেখেই এপ্রিল মাসের স্যালারি পোর্টাল খোলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল রাজ্যের সরকার পোষিত স্কুলগুলি। অবশেষে গতকাল থেকেই রাজ্যের স্কুলে স্কুলে খোলা হয়েছে এপ্রিল মাসের শিক্ষকদের স্যালারি পোর্টাল। এস এস সি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশিত বাতিল শিক্ষক ও শিক্ষা কর্মীদের নাম রেখেই রাজ্য শিক্ষা দপ্তরের পোর্টালে এপ্রিল মাসের বেতন তালিকা নথিভুক্ত করেছে রাজ্যের সমস্ত স্কুল কর্তৃপক্ষ বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আশ্বাস এবং এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের এই সংক্রান্ত কোনও নির্দেশিকা না দেওয়ায় সর্বোপরি যোগ্য ও অযোগ্য শিক্ষকদের কোন সরকারি তালিকা তৈরি না হওয়ায় বাতিল শিক্ষকদের নাম রেখেই স্যালারি পোর্টালে বেতন তালিকা তৈরি করেছে স্কুলগুলি বলেই জানানো হয়েছে। উল্লেখযোগ্য, প্রতিমাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট মাসের বেতন তালিকা রাজ্য শিক্ষা দপ্তরের স্যালারি পোর্টালে নথিভুক্ত করতে হয় স্কুলগুলিকে। যে বেতন তালিকায় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নাম ও বেতনক্রম নির্দিষ্টভাবে উল্লেখ করে পাঠাতে হয় স্কুল কর্তৃপক্ষকে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হলেও
এপ্রিল মাসের বেতন তালিকায় বাতিল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নাম রাখা নিয়ে সংশয় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তথা স্কুল কর্তৃপক্ষরা। কিন্তু স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন স্পষ্ট নির্দেশ না থাকায় অবশেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাতিল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নাম অন্তর্ভুক্ত করেই শিক্ষা দপ্তরের পোর্টালে এপ্রিল মাসের বেতন তালিকা পাঠানো হয়।
রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন গতকাল থেকেই শিক্ষা দপ্তরের স্যালারি পোর্টাল খুলে এপ্রিল মাসের বেতন তালিকা চোখে পড়েছে এবং সেখানে নিয়মিত এবং বাতিল শিক্ষক বলে যাদের আদালত নির্দেশিত করেছে সকলেরই নাম নথিভুক্ত রয়েছে। অর্থাৎ, নিয়মিত এবং বাতিল বলে গণ্য সব শিক্ষকরাই এপ্রিল মাসের বেতনের জন্য বিবেচিত হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। আগেই বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছিলেন রাজ্য সরকার কোনও নির্দেশ না পাঠালে যেভাবে চলছে সেভাবেই চলবে বেতন তালিকা। সেই মোতাবেক প্রচলিত পদ্ধতিতেই সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নাম রেখেই এপ্রিল মাসের সেলারি পোর্টালে বেতন তালিকা নথিভুক্ত করেছে সরকার পোষিত স্কুল কর্তৃপক্ষরা।
প্রসঙ্গত, উদ্ভুত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়েছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। একে তো স্কুলের পঠন-পাঠন এবং স্কুল পরিচালনা করতে গিয়ে দিশেহারা অবস্থা তার মধ্যে এই আইনি জটিলতায় সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তাঁরা। যদিও প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যতক্ষণ রাজ্য সরকার বা শিক্ষা দফতর এই সংক্রান্ত কোনও নির্দেশিকা না পাঠাচ্ছে ততক্ষণ প্রচলিত পদ্ধতিতেই প্রধান শিক্ষকরা বেতন তালিকা পাঠাবেন। অবশেষে শিক্ষা পোর্টালে বেতন তালিকা পাঠানোর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদ অনেক শুনানির দিকে তাকিয়ে রাজ্যের সরকার পোষিত স্কুলগুলি।
